সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১৮:২৮

শেয়ার

মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আমি আপনাকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। সাহস থাকলে আসুন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ জানান।

পোস্টে তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করুন, মোদী জি। বিদেশি সহায়তার কারণেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও ক্ষমতায় রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের আর্থিক ব্যবস্থা পুরোপুরি বিদেশিদের নিয়ন্ত্রণ ও সহায়তায় পরিচালিত হচ্ছে। বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও পুরোপুরি মোদীর পক্ষে রয়েছে।

পোস্টের শেষাংশে রাহুল গান্ধী বলেন, মোদি তার সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেয়ার সাহস করবেন না। কারণ, তার সম্পর্কে রাহুল গান্ধী যা জানেন, তা নিয়ে তিনি ভীত।

এদিকে, রাহুল গান্ধীর ওই পোস্টের সঙ্গে যুক্ত দুটি ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তুলে ধরা হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বাধা সৃষ্টিকারী শক্তি, গুজব ছড়াতে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম: মোদী।’

প্রতিবেদনে বলা হয়, গুজরাটের নর্মদা জেলার একতা নগরে স্ট্যাচু অব ইউনিটিতে রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন মোদী। সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, কিছু শক্তি প্রতিনিয়ত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।

মোদী আরও বলেন, বিদেশে কারা গোপনে কার সঙ্গে বৈঠক করছে, ভারতবিরোধী শক্তিগুলো কাদের সমর্থন করছে এবং কারা ভারতের শত্রুদের ভাষায় কথা বলছে, তা চিহ্নিত করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিষয়েও সতর্ক করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।