সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

বন্দর শ্রমিকদের ধর্মঘটে পাশে নিউইয়র্কবাসী, সমর্থন মামদানির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১১:২৫

শেয়ার

বন্দর শ্রমিকদের ধর্মঘটে পাশে নিউইয়র্কবাসী, সমর্থন মামদানির
ছবি সংগৃহীত

যুদ্ধ ও অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের প্রতিবাদে শুক্রবার বিশ্বজুড়ে বন্দর শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, এই আন্দোলনে নিউইয়র্কবাসী বন্দর শ্রমিকদের পাশে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লিখেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধের অস্ত্র পরিবহন ব্যাহত করতে ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘট করেছেন বন্দর শ্রমিকরা। নিউইয়র্কবাসী তাদের পাশে রয়েছে।

তিনি আরও লিখেছেন, শ্রমজীবী মানুষ যখন নিজেদের শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হন, তখন একটি উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব।

বন্দর শ্রমিকদের দাবি ও অবস্থান

বন্দর শ্রমিকরা জানিয়েছেন, তারা যুদ্ধের জন্য কাজ করেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মঘটের কারণে জাহাজ চলাচল ও ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে।

ধর্মঘটকারীরা উন্নত বেতন ও কর্মপরিবেশের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে চিকিৎসক রাখার অধিকার দাবি করেছেন।

শুক্রবার গ্রিসের পিরেয়াস বন্দরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিক মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের প্রধান অ্যাপোস্টোলোস কিপ্রাইওস বলেন, তারা যুদ্ধের জন্য কাজ করবেন না এবং কামানের গোলার খাদ্যও হবেন না।