যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর কাছে একটি আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।
স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার-এ-লাগো থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
সড়কে আগুন ও ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
দুর্ঘটনার পর ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত, আগুন এবং বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। কংক্রিটের টুকরাসহ বিভিন্ন ধ্বংসস্তূপ সড়কজুড়ে ছড়িয়ে ছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটিকে গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা দৃশ্য বলে মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়কে গাড়ি চলাচলের সময় হঠাৎ আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে আসে একটি বিমান। মুহূর্তের মধ্যে সেটি মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরণে আগুনের গোলা তৈরি হয়।
তদন্তে কাজ করছে এফএএ ও এনটিএসবি
দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গভর্নর।
পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে এফএএ।
শন ডাফি বলেন, যাদের হারানো হয়েছে, তাঁদের পরিবার ও স্বজনদের জন্য সবাই যেন প্রার্থনা করেন।
পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ দুর্ঘটনাটিকে বহু মানুষের হতাহতের ঘটনা হিসেবে ঘোষণা করেছে। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ছয় লেনের এই সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।
৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে
সংবাদ সম্মেলনে গভর্নর ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর পাশের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
তাঁরা আরও জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে পানির সরবরাহের লাইনও রয়েছে। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগবে।
দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল।
এদিকে, রোববার সকালে মার-এ-লাগোতে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে তিনি সেখান থেকে চলে যান।
আরও পড়ুন:







