রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

ফ্রান্সজুড়ে বিক্ষোভে লাখো মানুষ, প্যারিসে পুলিশের কাঁদানে গ্যাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ০৯:৫৭

শেয়ার

ফ্রান্সজুড়ে বিক্ষোভে লাখো মানুষ, প্যারিসে পুলিশের কাঁদানে গ্যাস
ছবি সংগৃহীত

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন লাখো মানুষ। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় রাজধানী প্যারিস ও লিওনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর জোটের দাবি, শনিবারের বিক্ষোভে সারা দেশে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন দুই লাখ। তবে ফ্রান্সের কর্তৃপক্ষের হিসাবে, দেশজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার। প্যারিসে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ।

প্যারিসে উত্তপ্ত পরিস্থিতি, আগুন ও সংঘর্ষ

প্যারিসে শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও মূল কর্মসূচির সমাপ্তিস্থলের কাছাকাছি গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ময়লার পাত্র ও রাস্তার আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বিক্ষোভের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় সংবাদমাধ্যমটির সংবাদকর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে হয়।

পুলিশের লাঠিচার্জ, আহতদের উদ্ধার

লাউডস্পিকারে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ। অন্যথায় আরও কাঁদানে গ্যাস ছোড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। কয়েকজন বিক্ষোভকারী পুলিশের সামনে হাত তুলে নিজেদের শান্তিপূর্ণ অবস্থানের কথা জানান দেন।

প্যারিসের উপকণ্ঠে কালো পোশাক ও মুখোশ পরা কয়েক ডজন ব্যক্তি হাতুড়ি দিয়ে ফুটপাতের পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অন্তত একটি অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।