শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:৫২

শেয়ার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে আগুন
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য এবং জাহাজগুলোর পতাকাবাহী দেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া পৃথক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী এ দাবি করে। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ থেকে তারা মাইন অপসারণ করেছে।

২৪ ঘণ্টায় তিন জাহাজে বিস্ফোরণের দাবি

আইআরজিসি জানায়, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পায়। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

আইআরজিসির দাবি, জাহাজ তিনটি তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

পরে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণে আগুন লাগে। জাহাজটি নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় চলাচল করছিল বলে দাবি করেছে তারা।

ওমান উপকূলে জাহাজে আগুনের খবর

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে তারা।

এর আগে একই এলাকায় আরও দুটি ঘটনার খবর দিয়েছিল সংস্থাটি। এর মধ্যে একটি সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর আগুন ধরে একটি ঐতিহ্যবাহী আরবীয় নৌযান ডুবে যায়। অন্য ঘটনায় হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

মাইন অপসারণ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ

গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পাওয়ার খবর জানিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে, নৌযান চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এ দাবির চ্যালেঞ্জ জানিয়ে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, হরমুজ থেকে মাইন অপসারণের দাবির পক্ষে বিবৃতি নয়, স্বাধীন প্রমাণ দেখান।

আইআরজিসি আরও দাবি করেছে, ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় করিডর দিয়ে জাহাজ চলাচল অননুমোদিত। তাদের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির অননুমোদিত পথটি মাইন পুঁতে বিপজ্জনক করে রাখা হয়েছে। এসব পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। সেন্টকমের বিভ্রান্তিকর দাবিতে তাদের কান দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহণ করা হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা করছে। রোববার সেন্টকম জানায়, গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

মার্কিন গোয়েন্দা ড্রোন জব্দের দাবি

এদিকে পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন জব্দ করার দাবিও করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে এক অভিযানে আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি ড্রোন জব্দ করেছে।

সূত্র: আলজাজিরা