বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ২০:৫০

শেয়ার

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা
ছবি সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে আসন সংখ্যায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় ক্ষমতায় থাকা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এ পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট।

বুধবার টাইমস অব ইসরায়েল ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ভোট গণনার বর্তমান চিত্র অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী পরিবর্তন জোট ৪৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রধানত আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নেতানিয়াহু সরকারকে সরাতে জয়েন্ট লিস্টের উদ্যোগ

নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী জোটের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জয়েন্ট লিস্টের সংসদীয় ব্লকের প্রধান ও নেসেটের আরব সদস্য আহমাদ তিবি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার এক লিখিত বিবৃতিতে তিবি জানান, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জোটটি প্রমাণ করেছে, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তারা একটি নির্ধারক শক্তি।

তিবি বলেন, নেতানিয়াহু-বেন গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।

নেতানিয়াহুর সরকারকে সরিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চাওয়া বিরোধী জোটটি চেঞ্জ ব্লক নামে পরিচিত। এই জোটে রয়েছেন গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু।

বেন গভিরের বিদায় চান আহমাদ তিবি

মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন আহমাদ তিবি। তাঁর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠস্বর সবচেয়ে জোরালো ছিল বলে দাবি করেন তিনি।

তিবি আরও বলেন, অপরাধী বেন গভির আর পুলিশের মন্ত্রী থাকবেন না। তাঁর বিদায়ের সময় এসেছে। ইতামার বেন গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত।

ভোটের ফলে সরকার গঠনের সমীকরণ

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে ৫৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে সাতটি আসন কম পেতে পারে জোটটি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম সাতটি আসন পেতে পারে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হলে সরকার গঠনের সমীকরণ আরও স্পষ্ট হবে।