বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১১:০৯

শেয়ার

শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর
ছবি সংগৃহীত

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, ইহুদি জনগণ ও ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ভাষণের শুরুতে লিকুদ পার্টির সদস্য, কর্মী, দলীয় তালিকার সদস্য এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান নেতানিয়াহু।

সামরিক সাফল্যের দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের সামরিক অভিযানের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, সাহসী সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ ইসরায়েলি জনগণ এবং দেশটির সেনাদের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দেওয়ার মতো সাফল্য অর্জন করেছে ইসরায়েল।

তিনি দাবি করেন, হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে নির্মূল করা হয়েছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি দূর করার কথাও বলেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইরানের সরকারকে আঘাত করা হয়েছে এবং দেশটি এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল। অন্যদিকে ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

এ জন্য ইসরায়েলের সেনা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সামরিক সাফল্যের কথা বললেও যুদ্ধ শেষ হয়নি বলে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইরানের হুমকি মোকাবিলায় ট্রাম্পের সঙ্গে কাজের ঘোষণা

নেতানিয়াহু বলেন, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা আবারও হতে পারে। এ হুমকি স্থায়ীভাবে দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার কথা জানান তিনি।

তার ভাষ্য, ইরান থেকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি চিরতরে দূর করার ক্ষেত্রে দেশটি একটি ঐতিহাসিক সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। এ লক্ষ্য অর্জনের উদ্যোগ থেকে কোনো অপ্রাসঙ্গিক বিবেচনা যেন তাদের সরিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

সমর্থকদের উৎসাহ দিতে ভাষণের একপর্যায়ে গানও করেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি কেবল শুরু। ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশটি শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করেছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে জয়ী হবে।

ডানপন্থী সরকার গঠনে জোর

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে নেতানিয়াহু আবারও শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, এ ধরনের সরকার গঠনই হবে যথাযথ সিদ্ধান্ত।

ভাষণে তিনি সামরিক সাফল্যের পাশাপাশি ইরানের বিরুদ্ধে অবস্থান এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল