মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত অন্তত ৪০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত অন্তত ৪০
ছবি সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক জানান, আগের রাতের হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি।

শহরের এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টার দিকে বাজারটিতে হামলা চালানো হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরাও যাতায়াত করতেন। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের সেখানে ঘোরাফেরা করতে দেখা যেত।

আরএসএফের নিয়ন্ত্রণে নিয়ালা

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নিজেদের প্রশাসন গড়ে তুলেছে বাহিনীটি। এর মাধ্যমে খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে তারা।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই লড়াইয়ে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।

আরএসএফের নিয়ন্ত্রণাধীন নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।