মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৩৮

শেয়ার

ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন এবং পূর্ববর্তী নির্বাচনগুলোতে ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীদের ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পুরস্কার পেতে হলে তথ্যের ভিত্তিতে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তি নিশ্চিত হতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যেকোনো ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার দেওয়া হবে, যদি সেই তথ্য জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করে।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিতর্কের মধ্যে ঘোষণা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোটাররা নির্ধারণ করবেন, দেশটির কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।

নির্বাচনে ভোটের সততা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিতর্কের মধ্যে বিশেষ এ পুরস্কারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।