যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমার চিত্র উঠে এসেছে। তবে এসব জরিপের ফল প্রত্যাখ্যান করে নিজের প্রকৃত জনসমর্থন প্রায় ৬০ শতাংশ বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তাকে নির্বাচনে হারানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে রিয়েলক্লিয়ারপলিটিকসের বিভিন্ন জনমত জরিপের গড় ফল তুলে ধরেন বাইরন ইয়র্ক। ওই হিসাবে দেখা যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে অসন্তুষ্ট ৬০ দশমিক ৪ শতাংশ।
এই ফলাফল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, জরিপের ফল ভুয়া। নিজের প্রকৃত জনসমর্থন কত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সমর্থন ৩৭ বা ৩৮ শতাংশ নয়।
ট্রাম্প বলেন, তার মনে হয় না কেউ তাকে হারাতে পারবে। প্রয়োজন হলে, যদিও এখন সেই প্রয়োজন নেই, তার সমর্থন ৬০ শতাংশে পৌঁছাত বলেও দাবি করেন তিনি।
বিভিন্ন জরিপে সমর্থন ৩০ থেকে ৩৪ শতাংশ
সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে ট্রাম্পের দাবির বিপরীত চিত্র উঠে এসেছে। গত ১৬ থেকে ১৯ অক্টোবর পরিচালিত রয়টার্স-ইপসোসের জরিপে তার প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ মার্কিন নাগরিক। অন্যদিকে, ৬৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন।
২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন পাওয়া গেছে ৩০ শতাংশ। তার দায়িত্ব পালনে অসন্তুষ্টি জানিয়েছেন ৬৮ শতাংশ উত্তরদাতা।
এ সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপেও ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৪ শতাংশ। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এতটা কম থাকার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। ওই সময় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের প্রতি সমর্থন ছিল ৩৩ শতাংশ।
এদিকে, জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েজউড রিসার্চের মনগড়া ফল তৈরির বিষয়টি সামনে আসায় জরিপের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জনসমর্থনের গড় হিসাব তৈরিতে বিতর্কিত ওই জরিপের তথ্য ব্যবহার করা হয়নি।
রিপাবলিকান সমর্থকদের মধ্যে জনপ্রিয়তার দাবি
নিজের জনপ্রিয়তার পক্ষে সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণ তুলে ধরেন ট্রাম্প। ওই বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা সমর্থক রিপাবলিকানদের ৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরেও এই গোষ্ঠীর মধ্যে তার প্রতি সমর্থন ছিল ৯৮ শতাংশ।
ট্রাম্প বলেন, তার ধারণা, বর্তমানে তার সমর্থন ৬০ শতাংশের ঘরে থাকবে। রিপাবলিকান পার্টিতে তার সমর্থন অনেক বেশি বলেও দাবি করেন তিনি।
তবে হ্যারি এনটেনের বিশ্লেষণে মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে জনঅসন্তোষ বাড়ার তথ্যও উঠে এসেছে। ২০২৪ সালে এ বিষয়ে সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যবধান ট্রাম্পের পক্ষে ৮ শতাংশ পয়েন্ট থাকলেও বর্তমানে তা ঋণাত্মক ৪৫ পয়েন্টে নেমেছে।
এ ছাড়া রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক আরেক জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ৩১ শতাংশে নেমে এসেছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। এই পরিস্থিতিকে ট্রাম্পের জন্য পাঁচ মাত্রার ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন এনটেন।
তা সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তার চিত্র তুলে ধরায় সিএনএনের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, তাকে নিয়ে সিএনএন বেশ কিছু ভালো জরিপ করেছে। এ ধরনের জরিপ চালিয়ে গেলে প্রতিষ্ঠানটিকে আরও বেশি পছন্দ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:







