ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সরকারি নির্বাচনি সংস্থার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।
৯৯ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট। সামান্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন লুলা।
আগেও দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন লুলা
এর আগে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। পরে ২০২৩ সালের জানুয়ারিতে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে চতুর্থ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন এই বামপন্থী নেতা।
তবে এবারের নির্বাচনে জয় পেতে তাঁকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় লুলাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারো। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে লুলা ভোটের ব্যবধান ঘুরিয়ে দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
লাতিন আমেরিকায় ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি
লাতিন আমেরিকার কয়েকটি দেশে ডানপন্থী ও রক্ষণশীল নেতাদের উত্থানের মধ্যে নির্বাচনে জয় পেয়েছেন লুলা। আর্জেন্টিনা, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলোতে রক্ষণশীল নেতারা ক্ষমতায় রয়েছেন। এ পরিস্থিতিতে ব্রাজিলে বামপন্থী নেতা লুলার জয় অঞ্চলটির সাম্প্রতিক রাজনৈতিক প্রবণতার বিপরীত চিত্র তুলে ধরেছে।
সূত্র: আলজাজিরা, বিবিসি ও রয়টার্স।
আরও পড়ুন:







