ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি শ্মশানের পাশে রেখে কথিত কালো জাদুর আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে ছবিটি রাখা হয়েছিল বলে পুলিশের তথ্য থেকে জানা গেছে।
ভিডিওতে ছবির পাশে বিভিন্ন সামগ্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্মশানের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি রাখা রয়েছে। ছবিটির চারপাশে নারকেল, লেবু, কমলা রঙের গুঁড়া এবং বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী সাজানো ছিল।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজও শুরু করেছে পুলিশ।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর
ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, শনিবার দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
সরযূ নদীর তীরে কারা প্রধানমন্ত্রীর ছবি ও বিভিন্ন সামগ্রী রেখেছিল এবং কী উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:







