রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভ, মুখে জিপার লাগিয়ে প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০৬

শেয়ার

তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভ, মুখে জিপার লাগিয়ে প্রতিবাদ
ছবি সংগৃহীত

ইসরায়েলের তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ বিক্ষোভে মুখে জিপার লাগিয়ে প্রতিবাদ জানান এক নারী। ইসরায়েলের জাতীয় পতাকা জড়িয়ে বিশেষ পোশাকে অংশ নেওয়া ওই প্রতিবাদকারীর প্রতীকী উপস্থিতি বিক্ষোভে নজর কাড়ে।

এ ছাড়া বিক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক প্রতীকী ছবিও দেখা যায়।

এদিকে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, ইসরায়েল কোনো ধরনের ভুল হিসাব করলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, একটি ভুল হিসাবই যথেষ্ট। এক ঘণ্টারও কম সময়ে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যাবে।

আজিজি হিব্রু, ইংরেজি ও ফারসি—তিনটি ভাষায় এ বার্তা প্রকাশ করেন। তাঁর এ বক্তব্যকে ইসরায়েলের প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন ইরানের এই কর্মকর্তা।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর এক সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই হুমকি চিরতরে দূর করার একমাত্র উপায়।

নেতানিয়াহু আরও বলেন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি এটিই তাঁর নির্দেশনা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যসংবলিত একটি ভিডিও উদ্ধৃত করে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন আজিজি। ওই পোস্টেই ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তেলআবিবের বিক্ষোভের তথ্য তুলে ধরা হয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এমন পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।