ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এ জন্য বিদেশ থেকে অর্থ আসছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, দিল্লি থেকেও কলকাতায় অর্থ যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কলকাতার ইকো পার্কে প্রাতর্ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, বাংলাদেশে ভারতবিরোধী কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী সব সময় ভারতের বিরোধিতা করে এসেছে।
বাংলাদেশে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানেও এর যোগসূত্র রয়েছে। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের উন্নয়নের পক্ষে ভারতের অবস্থানের কথা তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, তাঁরা বাংলাদেশকে সমর্থন করেন এবং দেশটির উন্নতি চান।
এর আগে ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। ওই আন্দোলনের পেছনে বাংলাদেশে সক্রিয় কিছু ভারতবিরোধী গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।
তবে বিদেশি অর্থায়নে ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, দিল্লি থেকে কলকাতায় অর্থ পাঠানো এবং বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
আরও পড়ুন:







