ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের মুখাবয়ব সংযুক্ত রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
বুধবার (২১ অক্টোবর) দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাইসিনা রোডে অবস্থিত সংগঠনটির সদর দপ্তরে বিজয়া দশমী উদযাপনের অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় ‘আঙুল তো উঠবেই–রাবণ দহন’ ব্যানার ব্যবহার করা হয়।
নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে কুশপুত্তলিকাটি দাহ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দশ মাথাবিশিষ্ট রাবণের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের পাশাপাশি শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং রাজনাথ সিংয়ের মুখাবয়ব ব্যবহার করা হয়।
মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে এনএসইউআই। এই কুশপুত্তলিকা দাহ সেই আন্দোলনেরই অংশ।
সংগঠনটির জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পান্ডে এবং দিল্লি ইনচার্জ অখিলেশ যাদব জানান, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক বিজয়া দশমীতে ভোটাধিকার ও সংবিধান রক্ষা এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।
সূত্র: দ্য ট্রিবিউন
আরও পড়ুন:







