ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেস কোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে উচ্ছেদ নোটিশ জারি করেছে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এল অ্যান্ড ডিও)। জায়গাটিকে অননুমোদিত দাবি করে এই নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী সম্পত্তির তালিকায় থাকা মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ গত ৭ অক্টোবর থেকে বিচ্ছিন্ন রয়েছে। জমিটি সরকারি দাবি করে এনডিএমসি মসজিদটির ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং উচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষায় জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিষাণ রেড্ডি রিজিজুর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সংগঠনটির প্রতিনিধি মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি জানান, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের তালিকায় মসজিদটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে রিজিজু সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন দিল্লি ওয়াকফ বোর্ডের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্য, ছয় মাস ধরে বিষয়টি জানানো হলেও বোর্ড এনডিএমসিকে চিঠি দেওয়া ছাড়া কোনো আইনি পদক্ষেপ নেয়নি। মসজিদে যাওয়ার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে এবং পানীয় জলের ব্যবস্থাও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বাসভবনসংলগ্ন রেস কোর্স রোড এলাকায় উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মসজিদটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিনে দিল্লি হাইকোর্ট ওই এলাকার বস্তিবাসীদের উচ্ছেদ করে ৪৫ কিলোমিটার দূরে সাবদা ঘেভরা পুনর্বাসন এলাকায় স্থানান্তরের অনুমতি দিয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
আরও পড়ুন:







