ভারতের আসাম রাজ্যের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় বনাঞ্চলীয় জমি থেকে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাংলাভাষী মুসলিম। এ সময় অন্তত ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্যে রবিবার নগাঁওয়ের লুতুমারী লংজাপ সংরক্ষিত বনাঞ্চল থেকে ৫০০ থেকে ৬০০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়। এর আগের দিন নগাঁওয়ে ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবারকে উচ্ছেদ করা হয়। সব মিলিয়ে ওই দিন ৫৪৭টি পরিবার উচ্ছেদের শিকার হয়।
উচ্ছেদ হওয়া বাসিন্দা আব্দুল নূর জানান, ঔপনিবেশিক আমলের তাউঙ্গিয়া ব্যবস্থার অধীনে বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করা তাঁদের পূর্বপুরুষদের ১৯৭১ সালের আগে অর্থাৎ ১৯৭৪ সালে এই জমিতে পুনর্বাসিত করা হয়েছিল।
উচ্ছেদের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করা হলেও সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষার স্বার্থে আদালত তাঁদের ৩০ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেন।
আসাম সরকারের দাবি, সরকারি ও বনাঞ্চলীয় জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হচ্ছে। দাপ্তরিক তথ্য অনুযায়ী, আসামে বিজেপি সরকারের এক দশকের শাসনামলে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের বেশির ভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত।
সূত্র: মুসলিম মিরর
আরও পড়ুন:







