মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

গোপনে ইসরাইল সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১০:৩৮

শেয়ার

গোপনে ইসরাইল সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরাইল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস গতকাল সোমবার এ খবর জানিয়েছে। তবে সফরের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা-ও জানা যায়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে এ বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথের এ সফর এমন সময়ে হলো, যখন ইসরাইলের সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহুকে আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।

হেগসেথের সফর নিয়ে মন্তব্য জানতে পেন্টাগন ও ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন

আগামী সপ্তাহে ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।

নির্বাচনের আগে গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রতি নিজের পূর্ণ ও নিঃশর্ত সমর্থন রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প লেখেন, বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না।

ইসরাইলের জনমত জরিপগুলো বলছে, নেতানিয়াহুর ধর্মীয় জাতীয়তাবাদী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন একত্র করতে সমস্যায় পড়তে পারে।

নেতানিয়াহুকে সমর্থন দেননি ভ্যান্স

ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানালেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের নির্বাচনে জড়াতে চান না বলে জানিয়েছেন। গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা বলেন।

ডিজিটাল সংবাদমাধ্যম টু-ওয়ে-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন জানান এবং বর্তমানে তাঁর মনোযোগ মধ্যবর্তী নির্বাচনের দিকে।

এ বছরের শুরুর দিকে হাঙ্গেরির নির্বাচনে ভিক্টর অরবানকে সমর্থন জানিয়েছিলেন ভ্যান্স। তবে ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিতে রাজি হননি তিনি।

ভ্যান্স বলেন, নেতানিয়াহুকে সমর্থন করছেন না, এমন নয়; আবার তাঁকে সমর্থনও করছেন না। তিনি ইসরাইলের নির্বাচনে জড়াচ্ছেন না।