ইয়েমেনের তেলসমৃদ্ধ শাবওয়া প্রদেশে একটি সামরিক শিবিরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা ঘটেছে বলে সামরিক বাহিনীর দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
সরকারি সূত্রগুলো জানায়, ক্ষেপণাস্ত্রগুলো আল আলাম শিবিরে আঘাত হানে। শিবিরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর ব্যবহারের জন্য নির্ধারিত। ২০২২ সাল থেকে মোটামুটি কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে নতুন করে লড়াই শুরু হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হুথি মিলিশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শাবওয়াকে লক্ষ্যবস্তু করেছে।
তিনি জানান, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে।
শাবওয়ায় সরকারি বাহিনীর এক সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর আশঙ্কা, এ হামলার মাধ্যমে স্থল অভিযান চালানোর পথ তৈরি করা হতে পারে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলে বাব আল মানদেব প্রণালির কাছে অবস্থিত কৌশলগত বন্দরনগরী মোখায় অতীতে যা ঘটেছিল, তার পুনরাবৃত্তির আশঙ্কা করছে তারা। একসময় মোখা হুথিদের দখলে ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই সামরিক সূত্র আরও জানায়, রোববার হুথিরা সরকার নিয়ন্ত্রিত শাবওয়া প্রদেশের সঙ্গে তাদের নিয়ন্ত্রণে থাকা আল বায়দা প্রদেশের সংযোগ সড়ক বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, তাদের ওই সড়ক ব্যবহার করতে দেওয়া হয়নি।
আরও পড়ুন:







