সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

ফ্রান্সে সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৮:২৮

শেয়ার

ফ্রান্সে সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ
ছবি: সংগৃহীত

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে নজিরবিহীন সহিংসতার ঘটনায় পরিস্থিতির নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে দেশটির পুলিশ। সোমবার এ কথা স্বীকার করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। এদিকে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতার বিষয়টি স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বরং ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। একপর্যায়ে বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়। বিভিন্ন শহরে পৌর ভবন ও দোকানপাটে লুটপাট চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। কয়েক বছরের মধ্যে দেশটিতে এমন ভয়াবহ সহিংসতা দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহিংসতায় আড়াই হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হন। আহত হন নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য। বিক্ষোভকারীদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। পুলিশের ছত্রভঙ্গ করার কাজে ব্যবহৃত গ্রেনেডের বিস্ফোরণে এক বিক্ষোভকারীর হাত উড়ে যায়।

নুনেজ বলেন, শনিবার কয়েকটি বড় শহরে শত শত দোকান লুট হওয়ার পর দোকানমালিকদের সামনে দাঁড়িয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা সম্ভব ছিল না। নিরাপত্তা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে আগাম প্রস্তুতির ঘাটতি ছিল বলেও স্বীকার করেন তিনি।

তার মতে, বিক্ষোভের আড়ালে লুটপাট ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়নি। ওই দিন দেশজুড়ে প্রায় ৬০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতির দায় নিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রেসিডেন্টের দপ্তর জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ধারাবাহিক নেতৃত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ম্যাক্রোঁ তাঁর পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন।