সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৭:২৮

শেয়ার

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
ছবি সংগৃহীত

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তা এমন বিষয়, যেগুলো নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। পাকিস্তানের কাছে এসব বিষয় অবিসংবাদিত।

সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগে দেওয়া হবে।

তিনি আরও জানান, পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছে দেশটি।

ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আইএসপিআর মহাপরিচালক বলেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এসেছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ধরনের অনুরোধ এলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।