সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৫:৪৮

শেয়ার

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি সংগৃহীত

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করে চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির একটি আদালত। এ ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনই ছিলেন মার্কিন নাগরিক।

আদালতে প্রাপ্ত নথি অনুযায়ী, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্টের তদন্তের পর রাউল কাস্ত্রোর বিরুদ্ধে কিউবার গোয়েন্দা এজেন্টের সঙ্গে যুক্ত হয়ে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী দলের হলফনামায় বলা হয়েছে, কিউবার দুই চক্রান্তকারী মিয়ামি ও কি ওয়েস্টভিত্তিক ব্রাদার্স টু দ্য রেসকিউ নামের একটি সংস্থায় অনুপ্রবেশ করেছিলেন। পরে তাঁরা সংস্থাটির উড্ডয়নসংক্রান্ত আগাম তথ্য কিউবা কর্তৃপক্ষের কাছে পাঠান।

ওই তথ্যের ভিত্তিতে ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবার যুদ্ধবিমান দুটি ছোট বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করে। ঘটনাটি আন্তর্জাতিক আকাশসীমায় ঘটেছিল বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ারের সোমবার (১৯ অক্টোবর) মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে।

এর আগে গত মে মাসেও একই ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল মার্কিন বিচার বিভাগ।