সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১২:১২

শেয়ার

সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি
ছবি সংগৃহীত

সৌদি আরবের চারটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। রবিবার (১৮ অক্টোবর) জারি করা এ সতর্কতায় বজ্রসহ বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়েছে।

সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কয়েকটি এলাকা। এসব স্থানে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বাতাসের কারণে ধুলিঝড়ও সৃষ্টি হতে পারে।

এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চারটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে।

এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কসহ বিভিন্ন স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে সৌদি আরবের কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে।

মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। জেদ্দা ও জাজানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি। হেইলে ৩৩ ডিগ্রি এবং আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তাবুকে তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আভাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আর্দ্রতার মাত্রাও বেশি থাকতে পারে। আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে।

অন্যান্য এলাকার মধ্যে তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। মদিনা ও হেইলে এ হার ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।

সূত্র: গালফ নিউজ