রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৮

শেয়ার

কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা
ছবি সংগৃহীত

কানাডার আলবার্টা প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পরিস্থিতি নাজুক থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি জানান, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে কানাডার কোনো সামরিক ঘাঁটিতে এ ধরনের বড় ট্র্যাজেডির ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সেখানে একটি গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষতিগ্রস্ত সাহসী নারী ও পুরুষদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তীব্র বাতাসে লোকালয়ে ছড়িয়ে পড়ে আগুন

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সামরিক ঘাঁটির নিরাপত্তা সীমানা পেরিয়ে বাইরের লোকালয়ে চলে আসে। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তৃপক্ষ প্রথম এ দুর্যোগ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ঘটনা প্রদেশের সাহসী সামরিক সদস্যদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। পরিস্থিতি মোকাবিলা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র

কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, এই ঘাঁটিতে নিয়মিত সরাসরি গোলাবারুদ ব্যবহারের মহড়া ও প্রশিক্ষণ চলে। স্বাভাবিক সময়ে সেখানে প্রায় ৬৯০ জন সামরিক কর্মকর্তা ও সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী নিয়োজিত থাকেন।

এদিকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।