ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সকালে মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যামের উদ্দেশে যাওয়ার পথে কোটার সিমলিয়া থানা এলাকায় আট লেনের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের রেলিং ভেঙে বাসটি খাদের একটি কালভার্টে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কোটার জেলা সংগ্রাহক পীযূষ সামারিয়া এবং আইজি হরেন্দ্র মহাবর আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান।
অতিরিক্ত পুলিশ সুপার রাম কল্যাণ মীনা জানিয়েছেন, বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পুরো ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কারও অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:







