শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশ বা নেপাল নই, গণতান্ত্রিক উপায়ে সরকার বদল চাই: প্রকাশ রাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১১:১৩

শেয়ার

বাংলাদেশ বা নেপাল নই, গণতান্ত্রিক উপায়ে সরকার বদল চাই: প্রকাশ রাজ
ছবি সংগৃহীত

ভারতে সরকার পরিবর্তনের দাবি জানিয়ে অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ বলেছেন, এ পরিবর্তন অবশ্যই নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতিতে হতে হবে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে বলেন, ভারত বাংলাদেশ বা নেপাল নয়। শুক্রবার তিনি সরকার পরিবর্তনের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।

প্রকাশ রাজ বলেন, আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব। উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।

প্রকাশ রাজ অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে সরকারের অস্বীকৃতির কারণে সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবি আরও জোরালো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।

শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবিকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার ধারণাও প্রত্যাখ্যান করেন প্রকাশ রাজ। তাঁর মতে, নাগরিকেরা প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন।

তিনি বলেন, আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সরকার পরিবর্তনের দাবিতে প্রকাশ রাজ নির্বাচনী ও সাংবিধানিক পদ্ধতির ওপর গুরুত্ব দিয়েছেন।