শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

পাকিস্তানের পাশে থাকার মন্তব্যে বিতর্কে বিজেপি নেতা মদন রাঠৌর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২২:২৫

শেয়ার

পাকিস্তানের পাশে থাকার মন্তব্যে বিতর্কে বিজেপি নেতা মদন রাঠৌর
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারতের ইসলামাবাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভায় তিনি এ মন্তব্য করেন। পরে নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও তুলে ধরেন এই বিজেপি নেতা।

মদন রাঠৌর বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পক্ষ নেবে। এর কারণ হিসেবে তিনি পাকিস্তানকে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, যখন ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো সমস্যা হবে, তখন ভারত অবশ্যই নিজের দেশের পাশে থাকবে। এ বিষয়ে সবাইকে বিষয়টি বোঝার আহ্বানও জানান তিনি।

রাঠৌরের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেছেন।

সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে শামা মহম্মদ লেখেন, যে দেশ ভারতের মানুষ ও সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে, সেই প্রশ্ন তুলে তিনি মদন রাঠৌরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান।