ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই নিজ বাসা থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন তিনি। দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ডাক দিয়েছিলেন দীপকে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে লেহরা দো তিরঙ্গা বা তেরঙা ওড়াও কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়।
সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙা ওড়াও কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা ও প্রধান দীপকে। তবে কর্মসূচিতে যাওয়ার আগেই দিল্লির তাঁর বাসা ঘিরে ফেলে পুলিশ।
এর আগে মুম্বাই থেকে দিল্লিতে এসেও আটক
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই দীপকেকে আটক করা হয়েছিল। একই দিন জাতীয় পতাকা হাতে জন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ দাস ও আশুতোষ রানকারকে গ্রেপ্তার করা হয়।
মিছিল না করার নোটিশ পুলিশের
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীপকেকে আটকের আগে দিল্লি পুলিশ তাঁর বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি।
নোটিশে বলা হয়, অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে পতাকা বিধির বিধান স্মরণ করিয়ে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে এবং এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের সঙ্গে কথোপকথন
পুলিশের সঙ্গে কথোপকথনের সময় দীপকেকে বলা হয়, তিনি নয়াদিল্লিতে যেতে পারবেন না এবং তাঁকে আটক করা হচ্ছে। জবাবে তিনি প্রশ্ন করেন, নয়াদিল্লিতে যেতে না পারলেও অন্য কোথাও যেতে পারবেন কি না এবং তিনি কোন আইন ভেঙেছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের দেওয়া কাগজপত্র পড়ছেন দীপকে। এ সময় তিনি পুলিশকে প্রশ্ন করেন, তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:







