শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৭:২২

শেয়ার

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
ছবি সংগৃহীত

ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভেরও সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং দাবি করেন, এই আন্দোলন নির্বাচনী সংস্কার কিংবা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়। তাঁর ভাষ্য, তরুণদের অরাজক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।

বিরোধীদের সমালোচনা করে রাজনাথ সিং বলেন, দেশের যুবসমাজকে অরাজক রাজনীতির দাবার ঘুঁটি বানানোর অপচেষ্টা চলছে। বাংলাদেশের মতো রাজপথের অভ্যুত্থানের মাধ্যমে ভারতেও ক্ষমতার পালাবদলের চেষ্টা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কেউ কেউ প্রকাশ্যে বলছেন, সরকার পরিবর্তনের জন্য তাঁরা বাংলাদেশ থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। আবার কেউ রাস্তায় নেমে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর কথা বলছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে চরম নৈরাজ্য সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটির নেতারা ঐতিহ্যবাহী গান্ধী নাম ব্যবহারের সব ধরনের নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর দাবি, কংগ্রেস ও তাদের মিত্রদের ব্যবহৃত রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের মতো পরিভাষা থেকে বোঝা যায়, তাঁদের আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা নয়। বরং সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করাই তাঁদের মূল এজেন্ডা।

নেহা বোরার ভিডিও ঘিরে বিতর্ক

এদিকে ভারতের বিজেপিপন্থী সংবাদমাধ্যমে নেহা বোরা নামের এক আন্দোলনকারীর তারিখবিহীন ভিডিও সাক্ষাৎকার প্রকাশের পর বিতর্ক আরও জোরালো হয়েছে। বিজেপি নেতাদের শেয়ার করা ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে নেহা বোরাকে বলতে শোনা যায়, ভারতে জেন-জিদের যে আন্দোলন দেখা যাচ্ছে, তা প্রথমে বাংলাদেশে শুরু হয়েছিল। ভারতের তরুণদের প্রতি সংহতি জানানো এবং তাঁদের পথ দেখানোর জন্য তিনি অভিনন্দন জানান।

ভিডিওতে নেহা বোরা আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান প্রতিবাদ মূলত ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তাঁর মতে, এই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের মতোই একটি গণতান্ত্রিক সংগ্রাম।

তবে বিজেপিপন্থী সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির দৃশ্যধারণের সময় এবং সত্যতা সম্পর্কে এখনো নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি।