দিল্লিতে দুই সহকর্মী নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আগামী শুক্রবার ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে। ওই দিন বিকেল ৫টায় রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
লেহরা দো তিরঙ্গা বা তেরঙা ওড়াও নামে এই কর্মসূচিতে তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন দীপকে।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ হতে পারে না উল্লেখ করে দীপকে বলেছেন, এই প্রতিবাদের মাধ্যমে তাঁরা জাতীয় পতাকার প্রতি নিজেদের শ্রদ্ধা ও গর্ব প্রকাশ করতে চান।
এক ভিডিওবার্তায় দীপকে দাবি করেন, শুধু জাতীয় পতাকা ওড়ানোর কারণে সৌরভ ও আশুতোষকে কারাগারে পাঠানো হয়েছে। দেশ ও জাতীয় পতাকাকে ভালোবাসেন, এমন সবাইকে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
দীপকে আরও বলেন, নির্ধারিত স্থানে উপস্থিত হতে না পারলে নিজ নিজ শহরে সন্ধ্যায় তেরঙা অভিযান আয়োজন করতে হবে। তাঁর ভাষ্য, জাতীয় পতাকা দেশের গর্ব এবং সেটি ওড়ানো কোনো অপরাধ হতে পারে না।
যন্তর মন্তরে বিক্ষোভের জেরে গ্রেপ্তার দুই নেতা
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমোদিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে সেখানে জমায়েত ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
এই নিষেধাজ্ঞার মধ্যেই গত মঙ্গলবার সিজেপির কয়েকজন নেতা-কর্মী লোহার বাধা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে তাঁরা জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি ভারত মাতা কি জয় স্লোগান দেন।
পরে পুলিশ তাঁদের আটক করে। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুজনই দিল্লির তিহার কারাগারে রয়েছেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরও পড়ুন:







