শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানে তরুণীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২২:২৫

শেয়ার

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানে তরুণীর মৃত্যুদণ্ড
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানে ২৩ বছর বয়সী নাজমিহ আমিন নামের এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্য একটি অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

নাজমিহ আমিন ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের বাসিন্দা। বর্তমানে তিনি শহরটির ভাকিলাবাদ কারাগারে বন্দি রয়েছেন।

তাকে গ্রেপ্তারের তারিখ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি সূত্রের দাবি, গত ৩১ জানুয়ারি মাশহাদের ফেরদৌসি শপিং সেন্টার থেকে তাকে আটক করা হয়। অন্য একটি সূত্রের তথ্য অনুযায়ী, তাকে গ্রেপ্তার করা হয় ৩ ফেব্রুয়ারি।

নাজমিহের পরিবার প্রথমে ধারণা করেছিল, সরকারবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি ছিল মহানবীকে নিয়ে কটূক্তি করা। ইরানের আইন অনুযায়ী, এ অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও রয়েছে তার।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ষষ্ঠ শাখায় নাজমিহের বিচার হয়। আদালতে তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে মহানবীকে নিয়ে কটূক্তি করেননি। তবে আদালত তার এ বক্তব্য গ্রহণ করেননি।

স্থানীয় সংবাদমাধ্যম খোরাসানের প্রতিবেদন অনুযায়ী, আদালতে নাজমিহ জানান, বন্ধুদের সঙ্গে এক ধরনের মাদক সেবনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক কথা লিখেছিলেন। অন্যদিকে, তার আইনজীবীদের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে কথাগুলো বলেননি; বরং ভুলবশত তার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান