ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা পাশের গ্রামের একটি বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে গঙ্গা নদীর মাঝপথে নৌকাটি হঠাৎ উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। নদীতে ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়।
বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, নৌকাডুবিতে এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে নৌকাডুবির কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:







