মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১০:১৭

শেয়ার

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের অনুমোদন বাতিলের পর নির্ধারিত তিনটি বিকল্প স্থানে প্রতিবাদ করতে গিয়ে দূরত্ব, উচ্চ বুকিং ফি ও জায়গা পাওয়ার জটিলতায় পড়ছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে। বিকল্প স্থানগুলো হলো রামলীলা ময়দান, সিবিডি ময়দান ও বুরারি ময়দান।

রামলীলা ময়দানে বুকিং ফি ৫০ হাজার রুপি

লুটিয়েন্স দিল্লির কাছে অবস্থিত ১২ একরের রামলীলা ময়দানে আন্দোলন করতে প্রতিদিন ৫০ হাজার রুপি বুকিং ফি দিতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে ৫৫ হাজার রুপির অফেরতযোগ্য জামানত।

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) এক কর্মকর্তা জানান, পুরো মাঠ একসঙ্গে বুকিং করতে হয়। ফলে ছোট সংগঠনগুলোর জন্য সেখানে আন্দোলন আয়োজন করা অত্যন্ত ব্যয়বহুল। উৎসবের মৌসুমে মাঠটি পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতাও তৈরি হতে পারে।

সিবিডি ও বুরারি ময়দানেও রয়েছে জটিলতা

শাহদারায় অবস্থিত ১২ একরের সিবিডি ময়দানটি বাণিজ্যিক ও আবাসিক এলাকা, বিপণিবিতান এবং হোটেল দিয়ে ঘেরা। এ কারণে সেখানে যানজটের সমস্যা তৈরি হতে পারে এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিবেশও কঠিন হয়ে উঠতে পারে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম দিল্লির ৫০ একরের বুরারি ময়দান যন্তর মন্তর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। দূরত্বের কারণে আন্দোলনকারীরা স্থানটিকে খোলা জেলখানা বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, সেখানে কর্মসূচি পালন করলে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হবে।

আন্দোলনস্থল দূরে সরানো নিয়ে সোহেল হাশমির ক্ষোভ

লেখক ও শহর গবেষক সোহেল হাশমি বলেন, আন্দোলনের কেন্দ্রকে ক্ষমতার কেন্দ্র থেকে এত দূরে সরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের সরকারের কাছে দাবি জানানোর পথ রুদ্ধ হয়ে পড়ছে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের উদাহরণ টেনে ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।