সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের আট নেতার মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২০:৪৮

শেয়ার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের আট নেতার মামলা
ছবি সংগৃহীত

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিরোধী দল ইন্ডিয়া জোটের আট শীর্ষ নেতা। সোমবার (১২ অক্টোবর) কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ জোটের অন্য নেতাদের পক্ষে পিটিশন দাখিল করা হয়।

পিটিশনে মামলাকারী হিসেবে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব, শিবসেনার (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত, সিপিআইএমের এম এ বেবি এবং সিপিআই নেতা ডি রাজা।

একই ইস্যুতে সোমবার রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে একটি মিছিলও বের হয়। কনট প্লেসের কাছ থেকে শুরু হওয়া মিছিলটি ভগবান দাস মার্গের কাছে আটকে দেয় দিল্লি পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে রাহুল গান্ধীর পক্ষে তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন।

এসআইআর-সংক্রান্ত অভিযোগের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগপ্রক্রিয়া নিয়ে পৃথক মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন দাখিল করলেন রাহুল গান্ধীসহ ইন্ডিয়া জোটের নেতারা।

গত সপ্তাহে একই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিরোধী জোটের নেতারা। এরপর সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল তাঁদের। তবে প্রধান বিচারপতি সেই সাক্ষাতের অনুমতি দেননি।

এদিন সকালে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে বিরোধীদের আইনের দ্বারস্থ হওয়া উচিত। সুপ্রিম কোর্টের দরজা সব নাগরিকের জন্য খোলা রয়েছে। এরপরই রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা পিটিশন দাখিল করেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কংগ্রেসের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিজেপির নেতারা। দলটির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে বিচার বিভাগকে ভয় দেখানো এবং নির্বাচন-সংক্রান্ত বিষয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন।