সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশসহ ৩১ দেশের ক্রুদের ইসরায়েল ফ্লাইটে নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১০:৫০

শেয়ার

বাংলাদেশসহ ৩১ দেশের ক্রুদের ইসরায়েল ফ্লাইটে নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স
ছবি সংগৃহীত

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইসরায়েলের নতুন নির্দেশনা মেনে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কয়েকটি দেশের ক্রুদের দায়িত্ব না দেওয়ার শর্তে সম্মত হয়েছে এয়ার ফ্রান্স।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এমন ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী ফরাসি কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। এসব দেশের মধ্যে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তান রয়েছে।

নির্দেশনায় সরাসরি কোনো ধর্মের নাম উল্লেখ করা হয়নি। তবে জাতীয়তার ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম পাইলট ও কেবিন ক্রুরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এয়ার ফ্রান্স কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ফ্রান্সে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিমান সংস্থাটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান ইসরায়েলের বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে এক ওমানি সহ-পাইলটের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন নিয়ম কার্যকর করে ইসরায়েল। এরপর দেশটির বিমান সংস্থাগুলো কর্মীদের ওপর নজরদারি জোরদার করেছে।

একটি ইসরায়েলি বিমান সংস্থা প্রায় ২ হাজার ৫০০ পাইলট ও কেবিন ক্রুর অতীত ইতিহাস যাচাই শুরু করেছে। এদিকে, মিডিয়াপার্টের প্রতিবেদন প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনা হলেও এয়ার ফ্রান্সের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।