ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পদযাত্রার ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, ধৌলা কুয়াঁ ফ্লাইওভার, মান্ডি হাউস, ঝান্ডেওয়ালান, পঞ্চকুয়াঁ, কনট প্লেস, প্যাটেল চক, লোদি রোড ফ্লাইওভার, ভিকাজি কামা প্লেস, মতিবাগ ফ্লাইওভার, অশোক রোড, যন্তর মন্তর রোড, সংসদ মার্গ ও টলস্টয় মার্গসহ ৩০টি পয়েন্টে যান চলাচল ব্যাহত হতে পারে।
জরুরি প্রয়োজন ছাড়া এসব সড়ক এড়িয়ে চলতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য বিলম্ব বিবেচনায় নিয়ে অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে নিউ দিল্লি জেলাকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৭টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছে।
এর আগে শনিবারের বিক্ষোভে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। ওই বিক্ষোভে সাবেক চারজন মুখ্যমন্ত্রী ও ককোরোচ জনতা পার্টির (সিজিপি) নেতাসহ ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়।
সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, তিনি, সৌরভ দাস ও রত্না সিং এক দিনের প্রতিবাদের অনুমতি নিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। একই দিনে পদযাত্রার ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসও (আইএনসি)।
সোমবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকায় সড়কে যাতায়াতে বিলম্বের আশঙ্কা রয়েছে। তবে দিল্লি মেট্রোর চলাচল নিয়ে নতুন কোনো সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি।
আরও পড়ুন:







