পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতির মধ্যে রবিবার (১১ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় জারি করা জরুরি অবস্থার ফলে প্রদেশটির সরকার কার্যত স্থগিত হয়ে পড়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে সহযোগিতা থেকে সরে এসেছে বলে মনে করছে মন্ত্রিসভা। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল পিটিআইয়ের সরকার রয়েছে। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকলেও দেশজুড়ে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। এমন পরিস্থিতিতে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হলো।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







