ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীদের গণআটকের নিন্দা জানিয়ে দেশটির সরকারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, বিরোধী দলগুলোর প্রতিবাদ দমন ও ভিন্নমত স্তব্ধ করতে দিল্লির প্রশাসনের পদক্ষেপে দেশে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটকের খবর পাওয়া গেছে। দিল্লি পুলিশের এই ব্যাপক আটক অভিযান সরকারের সমালোচনামূলক কণ্ঠ দমনের প্রচেষ্টার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে আকার প্যাটেল বলেন, শুধু বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার চর্চার কারণে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে ও বিনা শর্তে মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, সংবিধানে দেওয়া প্রতিবাদ জানানোর অধিকার রক্ষায় সরকারকে সর্বোচ্চ সহনশীলতা দেখাতে হবে। আন্তর্জাতিক আইন ও ভারতের সংবিধানের বাধ্যবাধকতা মেনে সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন:







