শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৯:৩৭

আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ ১৯:৩৭

শেয়ার

এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী
ছবি সংগৃহীত

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ। তাকে মুম্বাইয়ের ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া তার এক সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকেও আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুষার গান্ধীর মেয়ে কস্তুরী গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার বাবাকে আটকের ঘটনা তুলে ধরেছেন। আটকের পর তুষার গান্ধীর পাঠানো একটি বার্তাও শেয়ার করেন তিনি। বার্তায় লেখা ছিল, আমার ওষুধ নিয়ে এসো।

কস্তুরী গান্ধী আটকের ঘটনা প্রত্যক্ষ করা এক গাড়িচালকের সঙ্গে কথোপকথনও প্রকাশ করেন। ওই গাড়িচালক জানান, তারা গাড়িতে যাওয়ার সময় পুলিশ হঠাৎ এসে তুষার গান্ধীকে ধরে নিয়ে যায়। কেউ অটোরিকশায় করে তাদের অনুসরণ করে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন। লিংক রোডের কাছে কয়েকজন পুলিশ সদস্যকে দেখেছিলেন বলেও জানান তিনি।

গাড়িচালক আরও বলেন, পুলিশ কোনো কথা না বলে তুষার গান্ধীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তার এক সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকে আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নেওয়া হয়েছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি, শুধু আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার (৯ অক্টোবর) এক্সে একটি পোস্টের সঙ্গে কর্মসূচির পোস্টার প্রকাশ করে তুষার গান্ধী মুম্বাইয়ের বাসিন্দাদের শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, কর্মসূচির অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। তাই এ কর্মসূচির অনুমতিও দেওয়া হয়নি।