শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

দিল্লিতে আটক কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৪:৪৬

আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ ১৪:৪৬

শেয়ার

দিল্লিতে আটক কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
ছবি; সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দিল্লিতে আটক করা হয়েছে। শনিবার সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, বিজয়ন বর্তমানে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে রয়েছেন।

এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পরপরই তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করে পুলিশ।

বিক্ষোভে অংশ নিতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করা হয়েছে। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। ৩২ বছর বয়সী এই ইউটিউবারকে আটক করতে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য তার বাসায় গিয়েছিলেন বলে সূত্রটি জানিয়েছে।

এ ছাড়া সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিংও বিক্ষোভের আগে তাকে আটক করার দাবি করেছেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে একের পর এক আটকের এসব ঘটনা ঘটেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।