শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ২০ হাজার পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ০৯:১০

শেয়ার

দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ২০ হাজার পুলিশ
ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) পূর্বঘোষিত আন্দোলন ঘিরে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

বিক্ষোভ ঠেকানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ব্যাপক পদক্ষেপ নিয়েছে। রাজীব চক, নতুন দিল্লি ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লি ও হযরত নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা থাকা ২৫০টিরও বেশি দূরপাল্লার ও স্থানীয় ট্রেনও বাতিল করা হয়েছে। এ ছাড়া শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে।

সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, এসব বিধিনিষেধ সত্ত্বেও দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। প্রশাসন একদিকে চলাচলের পথ বন্ধ করে অন্যদিকে জনভোগান্তির কথা বলছে কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দিল্লি পুলিশ যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশন কার্যালয় ও পুলিশ সদর দপ্তর ঘিরে দেড় কিলোমিটার এলাকাকে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। সেখানে সাড়ে ৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরগামী সড়কগুলোতে সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। এর শেষ অংশগুলো ঝালাই করে দেওয়া হয়েছে। পুরো এলাকায় অডিও রেকর্ডিং সুবিধাসহ ৩০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে জমায়েত হতে না পারেন, সে জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং হোটেল ও এয়ারবিএনবির মালিকদের আন্দোলনকারীদের কক্ষ ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগের আন্দোলনের ভুলত্রুটি ও সহিংসতার অভিযোগ এড়াতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বডি ক্যামেরা দেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি রেকর্ড করতে শত শত ফটোগ্রাফারও নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে দিল্লি পুলিশ এক খোলা চিঠিতে মানবিকতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সূত্র: এনডিটিভি