ভারতের বিরোধী দলগুলোর চাপ ও আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের দাবির পাশাপাশি বর্তমান সরকারকে সরানোর বিষয়টিও জড়িত।
শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিরোধীদের বিক্ষোভ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে এবং সরকার এখন ভীত।
রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর সমস্যা রয়েছে। আর এর সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।’
এ লক্ষ্য অর্জনে লড়াই করা, এমনকি জীবন দিতেও প্রস্তুত থাকা সার্থক বলে মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, তিনি কেবল একজন সেবাদানকারী কর্মকর্তা। অথচ তিনি বলছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না।
সাবেক কংগ্রেস সভাপতি বলেন, ‘গত তিন-চার দিন যেভাবে চাপ সৃষ্টি করেছি, তা অব্যাহত রাখতে পারলে আমি নিশ্চয়তা দিচ্ছি, এই সরকারের পতন হবে।’
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
আরও পড়ুন:







