শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

যুদ্ধের শঙ্কায় তেলের দাম চার শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৫

আপডেট: ৯ অক্টোবর, ২০২৬ ১১:৫১

শেয়ার

যুদ্ধের শঙ্কায় তেলের দাম চার শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও করপোরেট ঋণের বোঝা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ এ পতনের পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব পুঁজিবাজারে এ দরপতন দেখা যায় বলে জানিয়েছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রধান সূচকগুলোর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ০.৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক ১.৩ শতাংশ কমেছে। এশিয়ার বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর উপার্জন সন্তোষজনক হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি এবং মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। দিনশেষে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪.০৮ ডলার বা ৪.১ শতাংশ বেড়ে ১০৪.২৮ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। সরকারি ঋণ ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ইউরোপের সামগ্রিক সূচক স্টকস ৬০০ কমেছে ০.৭৫ শতাংশ। ফ্রান্সের ক্যাক ৪০ সূচক কমেছে ০.৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। এতে শেয়ারবাজারের অস্থিরতাও বাড়তে পারে।