বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ৪৩ হাজার পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৭:২১

শেয়ার

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ৪৩ হাজার পুলিশ মোতায়েন
ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যের পাশাপাশি ২০ হাজার দিল্লি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশের সহায়তায় সিএপিএফের ২২১টি কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৮৫টি সিআরপিএফ, ১০টি সশস্ত্র সীমা বল (এসএসবি), সাতটি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), সাতটি র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং একটি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কোম্পানি রয়েছে।

সীমান্তে কঠোর নজরদারি

বিক্ষোভ ঘিরে দিল্লির সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বহুস্তরীয় ব্যারিকেড বসানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। নিরাপত্তা জোরদারে ফেস রিকগনিশন প্রযুক্তির ক্যামেরাও স্থাপন করা হচ্ছে।

প্রয়োজনে নয়াদিল্লির সব মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পুলিশ। কিছু বাজারও বন্ধ রাখা হতে পারে। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতেও নজরদারি বাড়ানো হবে।

এ ছাড়া জনশৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা কার্যকর থাকবে। এর আওতায় জনসমাবেশ ও বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। দিল্লির প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকারকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

১০ অক্টোবর যন্তর মন্তরে কর্মসূচি

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককক্রোচ জনতা পার্টি (সিজেপি)। দলের মুখপাত্র সৌরভ দাস জানান, কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। একই সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।