পূর্ব জাপানে তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে হওয়া ভূমিকম্প দুটিতে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে উঠলেও সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের সাত স্তরবিশিষ্ট ভূকম্পন তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে এর মাত্রা ছিল ৪। এ সময় পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।
এর প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ইবারাকি প্রিফেকচারে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির কারণেই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জাপানে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। এর আগে ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রা এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছিল।
এ ছাড়া ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।
আরও পড়ুন:







