বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ২৩:১৬

শেয়ার

ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজের
ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে চলমান লংমার্চ বন্ধ করে আবারও সরকারের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (৬ অক্টোবর) পিটিআইয়ের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, লংমার্চ ও অবস্থান কর্মসূচি বন্ধ করলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের সমর্থকদের পদযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

শেহবাজ শরিফ বলেন, তিনি আশা করছেন পিটিআই নেতাদের শুভবুদ্ধির উদয় হবে। লংমার্চ ও অবস্থান কর্মসূচি বন্ধ করলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবে বলেও জানান তিনি।

বিক্ষোভে অর্থনীতির ক্ষতির আশঙ্কা

কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে গত রোববার থেকে লংমার্চ শুরু করেন তার সমর্থকেরা। উত্তেজনা প্রশমনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর পিটিআই এই কর্মসূচি শুরু করে।

বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন শেহবাজ শরিফ। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার শামিল। এ ধরনের কর্মকাণ্ড সরকার কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব এবং যেকোনো মূল্যে তা নিশ্চিত করা হবে।

ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে প্রস্তুতি

বিক্ষোভকারীরা যাতে ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন, সে জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের কর্তৃপক্ষ। গত ২৭ সেপ্টেম্বর লংমার্চ শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়।

এএফপির এক সাংবাদিকের বরাতে জানা গেছে, সোমবার পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজার হাজার মানুষকে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে।

কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর থেকে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি। তবে তার আইনজীবীরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।