কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১২ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এমটি এন পিস নামের জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়।
হামলার পর জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নেওয়া হয়েছে। আহত ভারতীয় নাবিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এখন পর্যন্ত কারা এই হামলার সঙ্গে জড়িত, তা স্পষ্ট হয়নি। তবে ঘটনার নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় নাবিকদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করায় ওমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।
বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলায় উদ্বেগ
হরমুজ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলা এবং এর ফলে নাবিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক এই জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর ধারাবাহিক হামলা বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে জাহাজ চলাচলের পথ আরও নিরাপদ ও নির্বিঘ্ন করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকেই ওই অঞ্চলে একের পর এক জাহাজে হামলার ঘটনা ঘটছে। সোমবার দুটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা হয়। এর একটি ছিল কুয়েতের পতাকাবাহী এমটি কাজিমা থ্রি এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী লিপসি।
কুয়েতের পতাকাবাহী জাহাজটিতে থাকা পাঁচ ভারতীয় নাবিককেও ওমান প্রশাসন উদ্ধার করেছে।
এর আগেও হরমুজ প্রণালিতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় কয়েকজন ভারতীয় নাবিক হতাহত হয়েছেন। আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বারবার প্রতিবাদ জানানো হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।
আরও পড়ুন:







