মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১২:২৭

শেয়ার

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতের
ছবি সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তকরণে জরিপ চালিয়ে প্রায় ৫০০ জনকে আটক করা হয়। পরে তাদের শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখান থেকে প্রাথমিক ধাপে ১৫০ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাসকারী এসব আটক ব্যক্তি মূলত ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন।

রোহিঙ্গারাও রয়েছেন আটক ব্যক্তিদের মধ্যে

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মে মাসে জনসংখ্যা পরিবর্তনসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর পরিদর্শনের দুই মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।

কমিটিকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে মোট ১১৭টি মামলা রয়েছে।

অনিয়ন্ত্রিত অভিবাসন রোধ এবং ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করে আগামী এক বছরের মধ্যে সুপারিশ জমা দেবে উচ্চপর্যায়ের কমিটি।