মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ আরোহীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ০৭:৩১

শেয়ার

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ আরোহীর
ছবি সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানের ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের কেউই বেঁচে নেই।

সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই দেশটির বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে।