মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

রাশিয়ায় প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে ২০০ জনের বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১২:০৭

শেয়ার

রাশিয়ায় প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে ২০০ জনের বেশি
ছবি সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভে একটি ল্যাবরেটরিতে প্লেগে আক্রান্ত হয়ে এক ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২০০ জনের বেশি মানুষকে।

১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব দুর্ঘটনাবশত ভেঙে যায়। এরপর মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হন টেকনিশিয়ান শিপিলোভা।

নিউমোনিয়ার তীব্র উপসর্গ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভেন্টিলেটরে রাখা হলেও ১ অক্টোবর তার মৃত্যু হয়।

ঘটনার পর ইরকুটস্কে জনসমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুরুতে ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ একটি বিপজ্জনক সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানিয়েছিলেন। তবে শুক্রবার (২ অক্টোবর) বুড়িয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদেনোভ জানান, প্রতিবেশী অঞ্চলের ওই নারী সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, গভর্নর ইগর কোবজেভ রোববার এক টেলিগ্রাম বার্তায় দাবি করেন, এটি অজ্ঞাত কারণে হওয়া নিউমোনিয়া এবং মৃত নারীর নমুনায় রোগজীবাণুর সন্ধান পাওয়া যায়নি।

মহামারি প্রতিরোধে ব্যবস্থা

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার ভোক্তা নিরাপত্তা সংস্থা রসবোত্রেবনাদজোর পূর্ণাঙ্গ মহামারি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক রূপ নিতে পারে। এটি বাতাসের কণার মাধ্যমে ছড়ায়। উপসর্গ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা না হলে রোগটি প্রাণঘাতী হতে পারে।